এক মাসেরও বেশি সময় ধরে নীরব থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরেছেন ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল। ব্যক্তিগত একটি ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মুখে পড়ার পর তাঁকে দীর্ঘদিন প্রকাশ্যে তেমন সক্রিয় দেখা যায়নি। এবার ‘ব্যাচেলর পয়েন্ট’এর সেট থেকে একটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেতা।
২২ অক্টোবর প্রকাশিত ওই ছবিতে পাভেলকে একটি কালো ম্যানিকুইনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পুতুলটির মুখে জোকারের মুখোশ, গায়ে নীল কাপড় এবং পরনে ব্যাঙের ছাপযুক্ত অন্তর্বাস। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পাশা ভাইয়ের কক্ষে সাধারণত এই ম্যানিকুইনটি দেখা যায়।
ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনটিই নজর কেড়েছে নেটিজেনদের। সেখানে পাভেল লেখেন, ‘যাদেরকে বন্ধু-বান্ধব ভাবছিলি এরাই আসল ম্যাঙ্গো মাদার কুইন সন।’ তাঁর এই মন্তব্যের মাধ্যমে কাদের উদ্দেশে বার্তা দিয়েছেন, তা স্পষ্ট করেননি অভিনেতা। ফলে পোস্টটি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।
ভারতের জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার পর দেশে ফিরে মঞ্চ ও নাটকে কাজ শুরু করেন তিনি।
তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করেই ব্যাপক জনপ্রিয়তা পান এই অভিনেতা। চরিত্রটি তাঁকে দর্শকদের কাছে পরিচিত করে তোলে।
সম্প্রতি ব্যক্তিগত ভিডিও ঘিরে বিতর্কের পর তাঁর এই প্রত্যাবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে নতুন পোস্টে নির্দিষ্ট কাউকে উদ্দেশ করে মন্তব্য করেছেন কি না, সে বিষয়ে পাভেলের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
