আজকাল ওয়েবডেস্ক: বিয়ের জল্পনায় এবার কার্যত সিলমোহর। সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারান এবং জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের খবর নিয়ে কয়েক বছর ধরেই চর্চা চলছে। এবার তাঁদের ২১ নভেম্বর চেন্নাইয়ে রিসেপশনের কথা প্রকাশ্যে জানাল তেলঙ্গানা মুখ্যমন্ত্রীর দফতর। সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান এবং তাঁর স্ত্রী কাবেরী মারান ইতিমধ্যেই একাধিক বিশিষ্ট ব্যক্তিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অভিনেতা বিজয়কে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রাক্তন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও আমন্ত্রণ পেয়েছেন।
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে আমন্ত্রণপত্র তুলে দেন কালানিধি এবং কাবেরী। সেই সময় উপস্থিত ছিলেন অনিরুদ্ধের বাবা-মা অভিনেতা রবি রাঘবেন্দ্র এবং লক্ষ্মী রবিচন্দরও। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গেও দেখা করেন কাব্যর বাবা-মা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ। রেভন্ত রেড্ডির সঙ্গে কালানিধি এবং কাবেরীর সাক্ষাতের ছবি-সহ তেলঙ্গানা মুখ্যমন্ত্রীর দফতর এক্স-এ জানায়, ২১ নভেম্বর চেন্নাইয়ে কাব্য মারান এবং অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের রিসেপশন অনুষ্ঠিত হবে। তবে ১১ নভেম্বর গ্রিসে তাঁদের বিয়ের মূল অনুষ্ঠান হওয়ার যে খবর ছড়িয়েছে, সেটা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি কাব্য বা অনিরুদ্ধ।
কাব্য মারান সান গ্রুপের মালিকানাধীন আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম পরিচিত মুখ। ম্যাচ চলাকালীন গ্যালারিতে তাঁর উচ্ছ্বাস এবং প্রতিক্রিয়া আইপিএলপ্রেমীদের মধ্যে নিয়মিতই আলোচনার বিষয় হয়ে ওঠে।অন্যদিকে, অনিরুদ্ধ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক। একাধিক সফল ছবির সঙ্গীত পরিচালনার পাশাপাশি তিনি রজনীকান্ত অভিনীত 'জেলর ২' এরও সঙ্গীত পরিচালনা করেছেন। কাব্য এবং অনিরুদ্ধের সম্পর্ক নিয়ে এর আগেও একাধিকবার গুঞ্জন ছড়িয়েছিল। ২০২৫ সালের জুনে বিয়ের জল্পনা উড়িয়ে দিয়ে অনিরুদ্ধ এক্স-এ লিখেছিলেন, 'বিয়ে? হা হা! শান্ত হন সবাই। গুজব ছড়ানো বন্ধ করুন।' তবে এবার তেলঙ্গানা মুখ্যমন্ত্রীর দফতরের ঘোষণায় দু'জনের নাম একসঙ্গে আসায় সেই জল্পনাই নতুন মাত্রা পেল। ২১ নভেম্বর চেন্নাইয়ের রিসেপশন ঘিরে এখন থেকেই রাজনৈতিক, চলচ্চিত্র এবং ক্রিকেট মহলে আগ্রহ তুঙ্গে।
