সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে (৩৮) পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী বলেছেন, আইনের দৃষ্টিতে আমি অপরাধী, তবে অনুতপ্ত নই। শামীমকে নাস্তিক বলে ধারণা করেছিলেন দাবি করে তিনি বলেন, তাকে হত্যার উদ্দেশ্য ছিল না; ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে।
কালীগঞ্জ উপজেলা থেকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করা আমিনীকে রোববার (১৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়।
আমিনী বলেন, বিভিন্ন দেশ থেকে নাস্তিকেরা যেভাবে মোবাইল করে থ্রেট দিয়েছে, তাতে নিশ্চিত হয়েছি সে নাস্তিক ছিল।
তিনি আরও দাবি করেন, পিটিয়ে হত্যার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত হয়ে গেছে। যে কাজটি করেছি, সেটি আল্লাহ পাক ফয়সালা করবেন।
আইনের দৃষ্টিতে নিজেকে অপরাধী মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে আমিনী বলেন, আইনের দৃষ্টিতে আমি অপরাধী, তবে অনুতপ্ত নই।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন জানান, ফজলুল হক আমিনী পুলিশের কাছে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলেও জানিয়েছেন। এ কারণে তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন মনে করেনি পুলিশ। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে দুই দফায় গণপিটুনি দেওয়া হয়। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ফজলুল হক আমিনীর নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।
শামীমের পরিবারের করা হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।