মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পুটিখালী ইউনিয়নের একটি ড্রিল ড্রেজার মেশিনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ড্রেজারের পাইপ ভেঙে দেওয়া হয় এবং মেশিনটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পুটিখালী গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে এ পদক্ষেপ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুটিখালী গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস খানের জমিতে প্রায় দুই মাস ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, দৈবজ্ঞহাটী ইউনিয়নের বাসিন্দা ড্রেজার মালিক বেদার শেখ জমির মালিকের সহযোগিতায় এ কার্যক্রম চালিয়ে আসছিলেন। এতে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগও উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতির পাশাপাশি সরকারি সড়ক ও আশপাশের কয়েকটি গ্রামের বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে। এ অবস্থায় শনিবার স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান দ্রুত ঘটনাস্থলে গিয়ে ড্রেজারটির কার্যক্রম বন্ধ করে দেন।
অভিযানকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মোরেলগঞ্জ শাখার সভাপতি ও প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অভিযান সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকতারুজ্জামান জানান, অভিযানের সময় ড্রেজার মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে জমির মালিক ইলিয়াস খানকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং ড্রেজারের পাইপগুলো ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে ড্রেজারটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে পুনরায় ড্রেজার চালু করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
The post মোরেলগঞ্জে অবৈধ ড্রেজার বন্ধ করলেন সহকারী কমিশনার appeared first on sokalerkhobor24.com.
