এডিপি বাস্তবায়নে রেকর্ড ধস, প্রথম প্রান্তিকে হার ৩.৮৯%
প্রভাত রিপোর্ট: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার নেমে এসেছে ৩.৮৯ শতাংশে। এ হার এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন। রবিবার (২৫ অক্টোবর) প্রকাশিত বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, এর আগের দুই অর্থবছরের প্রথম প্রান্তিকেও এডিপি বাস্তবায়নের হার ছিল তুলনামূলক কম। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে এ হার ছিল ৫.০৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল ৪.৭৫ শতাংশ। ২০২৪ সালে সরকারের পতনের পর প্রশাসনিক অস্থিরতা এবং পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের গতি শ্লথ হয়ে পড়ে। গত দুই অর্থবছরেও এর প্রভাব অব্যাহত ছিল।
সাধারণত অর্থবছরের প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়নের হার ৭ শতাংশের বেশি থাকে। ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এ হার ছিল ৭.৫০ শতাংশ। আর ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল ৮.৫৫ শতাংশ।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত কয়েক অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও কমেছে। এডিপি বাস্তবায়নের এই রেকর্ড নিম্নহার সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।
More News Of This Category

