দিনাজপুর শহরে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ২০ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি ব্যাগ, নগদ ৪০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিমের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডসংলগ্ন সিপাহিপাড়া ঢাকাইয়া পট্টি লাইনপাড় এলাকার সোহেল রানা ও তার স্ত্রী লাকি।
অভিযান শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, দিনাজপুরকে মাদকের বিস্তার থেকে রক্ষা করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে ২০ হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানোর আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে।
