কালবেলা · দেশ
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি যুবক
২৩/১০/২০২৬

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন থেকে পাঁচ বছর কারাভোগ শেষে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ৬ বাংলাদেশি যুবক। তারা ভারতের জম্মু-কাশ্মীরের কোট ভালওয়াল কারাগারে বন্দি ছিলেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে ভারতীয় পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত আসা এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় কাজের সন্ধানে যশোর জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা জম্মু-কাশ্মীর এলাকায় অবৈধভাবে বসবাস করেছিলেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের আদালত তাদের তিন থেকে পাঁচ বছর সাজা দেয়। সেখানকার জেলা কারাগারে কারাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।
ফেরত আসা যুবকরা হলেন মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল সবুর, মোহাম্মদ সবির ইসলাম ও মোহাম্মদ হাফিজুর রহমান। তারা বগুড়া, গাজীপুর, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ৬ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয়েছে। পরে তাদেরকে নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗