
স্কুল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে সিমেক ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ‘বিল্ডিং বেটার সিটিজেনস ইন বাংলাদেশ’ শীর্ষক এ উদ্যোগের আওতায় দেশের আটটি বিভাগের ৬৪টি বিদ্যালয়ের প্রায় ১৩ হাজার শিক্ষার্থী সরাসরি উপকৃত হবে।
বুধবার (১৪ অক্টোবর) প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং সিমেক ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ফোয়ারা ইয়াসমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২ মাস মেয়াদি এ উদ্যোগের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তিনটি বিষয়ে পরিকল্পিত ও অংশগ্রহণমূলক শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। বিষয়গুলো হলো পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি; জলবায়ু ও পরিবেশ সচেতনতা এবং নৈতিক শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা।
শিক্ষার্থীদের বয়স ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, দায়িত্বশীল আচরণ ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে তাদের সচেতন করে তোলার পাশাপাশি ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করা হবে।
এ অংশীদারিত্ব সম্পর্কে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, প্রকৃত জাতি গঠনের ভিত্তি তৈরি হয় নতুন প্রজন্মের জ্ঞান ও মূল্যবোধ বিকাশে বিনিয়োগের মাধ্যমে। সিমেক ফাউন্ডেশনের সঙ্গে এ উদ্যোগে অংশীদার হতে পেরে প্রাইম ব্যাংক আনন্দিত।
তিনি বলেন, দেশের আটটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি, জলবায়ু সচেতনতা ও নৈতিক শিক্ষা প্রসারে অবদান রাখার সুযোগ ব্যাংকটির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ অংশীদারিত্ব তরুণ প্রজন্মের ক্ষমতায়ন, মূল্যবোধভিত্তিক শিক্ষা এবং ভবিষ্যতের জন্য টেকসই ও সহনশীল সমাজ গঠনে প্রাইম ব্যাংকের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।
অর্থসূচক/
The post ৬৪ স্কুলের ১৩ হাজার শিক্ষার্থীকে নিয়ে প্রাইম ব্যাংকের উদ্যোগ appeared first on অর্থসূচক.
