সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
রোববার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে থাকে বাংলাদেশ কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড জাহাজ মনসুর আলীর ব্যবস্থাপনায় সেন্টমার্টিনে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
সাব্বির আলম সুজন আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
বিআলো/আর আই