বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নতুন তথ্য জানিয়েছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পুলিশের দাবি, টাইগার হামলাকারীদের প্রথম পছন্দ ছিলেন না। নিরাপত্তাব্যবস্থা কঠোর হওয়ায় অন্য এক প্রভাবশালী বলিউড তারকাকে লক্ষ্য করতে না পেরে টাইগারকে সহজ নিশানা ভেবেছিল হামলাকারীরা। এদিকে, ঘটনার কয়েক দিন পর মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের শেয়ার করা ছবিতে ব্যান্ডেজ ছাড়াই দেখা গেছে টাইগারকে, যা ভক্তদের কিছুটা স্বস্তি দিয়েছে।
মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বার্তা সংস্থা এএনআইকে জানায়, তিন হামলাকারী প্রথমে বলিউডের এক প্রভাবশালী তারকাকে লক্ষ্য করার পরিকল্পনা করেছিল। কিন্তু, ওই তারকার নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত কঠোর হওয়ায় তারা হামলা চালাতে পারেনি। পরে টাইগারকে তুলনামূলক সহজ লক্ষ্য মনে করে তার গাড়িতে গুলি চালায় তারা।
এ ঘটনায় জড়িত সন্দেহে রাজস্থানের কোটায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী তদন্তের জন্য তাদের মুম্বাইয়ে আনা হচ্ছে।
ফুটবল মাঠ থেকে ফেরার পথে হামলা
গত ১৮ অক্টোবর, রবিবার সন্ধ্যা ৭টার দিকে মুম্বাইয়ে একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে মোটরসাইকেলে আসা তিন হামলাকারী গুলি চালায় বলে অভিযোগ। এ ঘটনায় টাইগার অক্ষত থাকলেও তার গাড়িচালক ও এক পথচারী গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর ডিজিটাল প্ল্যাটফর্মে টাইগারের নামে কয়েকটি ডিপফেক ভিডিও ও ভুয়া অডিও ছড়িয়ে পড়ে। সেগুলোতে তাকে হামলার ঘটনা নিয়ে বক্তব্য দিতে দেখা বা শোনা যায় বলে দাবি করা হয়।
তবে, টাইগারের দল এক বিবৃতিতে জানায়, এ ঘটনা বা এর সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে অভিনেতা কোনো বক্তব্য দেননি, ভিডিও প্রকাশ করেননি কিংবা কোনো যোগাযোগের অনুমতি দেননি।
বিবৃতিতে বলা হয়, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই, সাম্প্রতিক ঘটনা বা এর সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়ে টাইগার শ্রফ কোনো বক্তব্য দেননি, কোনো ভিডিও প্রকাশ করেননি এবং কোনো যোগাযোগের অনুমতিও দেননি।”
ভুয়া কনটেন্ট ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তার দল। বিবৃতিতে আরো বলা হয়, “আমরা এসব ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনিভাবে সব ধরনের প্রতিকার নেওয়ার অধিকার সংরক্ষণ করছি। টাইগার শ্রফ ও তার আনুষ্ঠানিক দলের যাচাই করা তথ্যের ওপর নির্ভর করার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছি।”
গুলি-কাণ্ডের পর মন্ত্রী আশিস শেলারের সঙ্গে ব্যান্ডেজ ছাড়াই দেখা গেল টাইগার শ্রফকে
ব্যান্ডেজ ছাড়াই টাইগার, স্বস্তিতে ভক্তরা
হামলার পর প্রকাশিত প্রথম ছবিগুলোতে টাইগারকে খালি গায়ে দেখা যায়। তার বুক ও বাঁ হাতে ব্যান্ডেজ ছিল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, তিনি সামান্য চোট পেয়েছিলেন। চিকিৎসকেরা পরীক্ষা করার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেন।
তবে, মঙ্গলবার টাইগারের সঙ্গে দেখা করতে যান মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলার। পরে তিনি অভিনেতার সঙ্গে তোলা নতুন ছবি শেয়ার করেন। সেসব ছবিতে টাইগারের শরীরে আর ব্যান্ডেজ দেখা যায়নি।
ছবির সঙ্গে আশিস শেলার লেখেন, “জুহুতে দুঃখজনক গুলি-কাণ্ডের পর টাইগার শ্রফের সঙ্গে দেখা করেছি এবং তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি। এ ধরনের সহিংসতার আমাদের সমাজে কোনো স্থান নেই। তার শক্তি ও দ্রুত সুস্থতা কামনা করছি।”
এর আগে টাইগারের সঙ্গে দেখা করে একনাথ শিন্ডেও হামলার নিন্দা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, টাইগারের গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং হামলাকারীদের ধরতে একাধিক দল গঠন করা হয়েছে। দোষীদের গ্রেপ্তার করে ‘তাদের ভাষাতেই জবাব’ দেওয়া হবে বলেও জানান তিনি। তার ভাষ্য, মুম্বাই ও শহরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই তখন সরকারের প্রধান অগ্রাধিকার।
টাইগারকে সর্বশেষ ‘বাগি ফোর’ সিনেমায় দেখা গেছে।
* দ্য ইনিডয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস অবলম্বনে
