আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু হল দুই শিশুকন্যার। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বারাসতের বাদু গুস্তিয়া এলাকায়। মৃত সুমাইয়া খাতুন (১১) ও আফিফা পারভিন (১০)। মৃতরা সম্পর্কে মামাতো ও পিসতুতো বোন। সুমাইয়া চতুর্থ শ্রেণি এবং আফিফা পঞ্চম শ্রেণির ছাত্রী। মৃতদের একজনের বাড়ি খড়িবাড়ি এলাকায়, অন্যজনের গুস্তিয়া তালপুকুরে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলছিল তারা। খেলতে খেলতে বাড়ির অদূরে একটি পুকুরের কাছে চলে যায়। কীভাবে দুই শিশু পুকুরে নেমে পড়ে, তা পরিবারের লোকজন জানেন না। পরিবারের সদস্য মনিরুল রহমান বলেন, “ওরা সব খেলা করছিল। আরও চার পাঁচটা বাচ্চা ছিল। খেলতে খেলতে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুকুরে যায়। কী ভাবে পুকুরে নেমেছে, তা আমরা জানি না। দুটো বাচ্চা জলে নেমে আর উঠতে পারেনি।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই শিশুকে জলে ডুবতে দেখে সঙ্গের অন্য শিশুরা বাঁচানোর চেষ্টা করে। কিন্তু তাদের উদ্ধার করতে না পেরে বাড়িতে খবর দেয়। পরে এলাকাবাসীর সাহায্যে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। প্রথমে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের পরামর্শে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
