নুরুল হক নুর যদি হাসিনার পুত্র হয়, তাহলে আসিফ, নাহিদ, আখতাররা হাসিনার নাতি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। আজ শুক্রবার বিকেলে নিজের ভ্যারিফায়েড ফেসুবক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন ‘নুরুল হক নুরের বিরুদ্ধে যখন যুক্তি তর্কে পেরে না উঠে তখনই তাকে আওয়ামী লীগের দেওয়া ট্যাগ বিকাশ নুর বলা হয় এবং হাসিনাকে মা ডেকেছিল সেই প্রসঙ্গও সামনে আনা হয়। যদিও ২০১৯ সালে ডাকুস নির্বাচনে ভিপির হওয়ার পর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ এর সময় কথা প্রসঙ্গ বলেছিলো তার মাঝে মায়ের মায়ের প্রতিচ্ছবি দেখতে পান। আবার এর পরদিনই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে
হাসিনাকে স্বৈরাচার বলেছিলেন। ২০১৮ সাল থেকে ২৪ এর গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগ তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা কমপক্ষে ৩০ বারের বেশি হামলার শিকার হন নুর।’
তিনি লেখেন, ‘ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে নুরুল হক নুরের ভূমিকা ছিল আপোষহীন। তরুণদেরকে রাজনৈতিক সচেতন করতে নুরুল হক নুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নুরুল হক নুরের শিষ্য আসিফ, আখতার,১৯ সালের পর থেকে ২৩ সাল পর্যন্ত নুরকে নেতা মেনে রাজনীতি করেছে। তরিকুল তো ২৪ এর গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের ছিল। নাহিদও নুরের নেতৃত্বে ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিল। পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদে তার মন মতো পদ না পাওয়ায় সে আর রাজনীতি থেকে ইনএকটিভ হয়ে যায়।’
গণঅধিকার পরিষদের এ নেতা লেখেন, ‘তারাও এখন নুরকে হাসিনার পুত্র বলে কটাক্ষ করে। অথচ ১৯ সালের ওই ঘটনা পর ২৩ সাল পর্যন্ত নুরের সাথেই ছিল এরা। এতে তাদের চরিত্র স্পষ্ট যে এরা কেমন মানুষ। তাদের এটা বুঝা উচিত নুরুল হক নুর যদি হাসিনার পুত্র হয়, তাহলে আসিফ, নাহিদ, আখতাররা হাসিনার নাতি।’
