প্রকাশিত: ১৬:৪৩, ২৩ অক্টোবর ২০২৬
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, “জামায়াত ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে। ক্ষমতায় আসার সুযোগ গত ২৬ সালের নির্বাচনেই তারা হারিয়ে ফেলেছে।”
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলার এসি নর্থ কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ কোটি মানুষকে কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টা করছেন।”
তিনি বলেন, “জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে চায় সেজন্য তারা যেকোনো পন্থায় হোক তাদের ক্ষমতা দরকার। আমি মনে করি আমাদের ক্ষমতা না এই বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখা দরকার।”
এ সময় মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ পারভেজ, অজয় কৃষ্ণসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি দলীয় নেতাকর্মীরা।
