আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের একদিনের সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। সহ অধিনায়ক থাকবেন শ্রেয়স আইয়ার। শেষ দুই একদিনের ম্যাচে নেতৃত্বের দায়িত্ব উঠবে শ্রেয়সের কাঁধে। নিউজিল্যান্ড সফরে শুভমনের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকেও নজর রাখবে টিম ম্যানেজমেন্ট। কারণ ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন গিল।
টেস্ট এবং টি-২০ থেকে অবসর নেওয়া বিরাট কোহলি ও রোহিত শর্মা পুরো একদিনের সিরিজেই দলের সঙ্গে থাকবেন। তবে ওয়ানডে সিরিজে খেলবেন না যশপ্রীত বুমরা। দুই টেস্টে অবশ্য তাঁকে পাওয়া যাবে। অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকেও একদিনের দলে রাখা হয়নি। টেস্ট দলে ফিরেছেন বাংলার পেসার আকাশ দীপ। উইকেটকিপার ব্যাটার হিসেবে ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেলকে রাখা হয়েছে টেস্ট দলে। তবে পন্থের খেলা নির্ভর করবে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সের ছাড়পত্রের ওপর।
প্রথম তিনটি একদিনের ম্যাচের দলে জায়গা পেয়েছেন পেসার অংশুল কম্বোজ। প্রসিদ্ধ কৃষ্ণর নির্বাচন অবশ্য ফিটনেস পরীক্ষায় পাশ করার ওপর নির্ভরশীল। শেষ দুটি একদিনের ম্যাচের জন্য প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার কুমার কুশাগ্র।নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজ শুরু হবে ৪ নভেম্বর। ১৯ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
প্রথম তিন একদিনের ম্যাচের দল:
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, অংশুল কম্বোজ, গুরনূর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, ঈশান কিষাণ (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব।
চতুর্থ এবং পঞ্চম একদিনের ম্যাচের দল:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক বর্মা, ঈশান কিষাণ (উইকেটকিপার, সহ-অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নমন ধীর, আকিব নবি, গুরনূর ব্রার, ঋতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, কুমার কুশাগ্র (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, যশ ঠাকুর, কুলদীপ যাদব।
