বামনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১
অনলাইন ডেক্স
- আপডেট সময় : ১০:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক ভোরের কন্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বরগুনার বামনা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও শোডাউন করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে বামনা ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন মহাসড়কে এ মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আকস্মিকভাবে মিছিলে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিকে সংগঠনটির প্রথম প্রকাশ্য কর্মসূচি বলে জানা গেছে।
মিছিলের খবর পেয়ে বামনা থানা-পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে উপজেলা সদরের গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলে নেতৃত্ব দেন বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুর রহমান আকন। এ সময় নেতাকর্মীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তোমার অপেক্ষায় বাংলাদেশ’। ব্যানারের নিচে লেখা ছিল ‘বাংলাদেশ ছাত্রলীগ, বামনা উপজেলা শাখা, বরগুনা’।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘অবৈধ নিষেধাজ্ঞা, মানি না মানব না’, ‘অবৈধ সরকার, মানি না মানব না’ এবং ‘বামনার মাটি, শেখ হাসিনার ঘাঁটি’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
দীর্ঘ সময় পর প্রকাশ্যে এমন মিছিল ও ব্যানার নিয়ে শোডাউনের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, “মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে গাজীরপুল এলাকা থেকে রাফান জোমাদ্দার আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
