অক্টোবর ২৫, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী জাকারিয়া ইসলাম (২৩) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় সিএনজিতে থাকা জাকারিয়ার স্ত্রী রুকাইয়াসহ আরও ৩ যাত্রী আহত হয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের ৪ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া ইসলাম দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে খলিশাকুন্ডি যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশা রাস্তায় উল্টে যায়। এসময় স্থানীয়রা দ্রুত এসে তাদের উদ্ধার করে কুষ্টিয়া আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জাকারিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের পর কাভার্ডভ্যান আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়।
কুষ্টিয়া আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এছাড়াও এই ঘটনায় আরও ২ নারী ও এক পুরুষ যাত্রী আহত আছেন। এদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কুষ্টিয়া মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কুষ্টিয়ার মিরপুরের ৪ মাইল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সংঘর্ষের পর কাভার্ডভ্যান আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়।
খুলনা গেজেট/এএজে
