বগুড়া জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও যুগোপযোগী করতে তৃণমূল পর্যায়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। একটি শক্তিশালী ও আদর্শিক সংগঠন গড়ে তুলতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের অবদানকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ও চিকাশী ইউনিয়ন যুবদলের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে জাহাঙ্গীর আলম বলেন, “দলকে দীর্ঘমেয়াদে শক্তিশালী ও যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখতে হলে তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করা একান্ত জরুরি। যারা ক্ষমতার মোহে নয়, বরং দলের দুঃসময়ে জেল-জুলুম, হামলা-মামলা ও নানা প্রতিকূলতার মুখেও রাজপথ ছাড়েননি, তাঁদের যথাযথ সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করা আমাদের সাংগঠনিক দায়িত্ব। প্রকৃত ও টেকসই রাজনৈতিক নেতৃত্ব তৈরি হয় এই তৃণমূল থেকেই।”
তিনি আরও বলেন, অভিজ্ঞ নেতাদের দূরদর্শিতা এবং তরুণ প্রজন্মের কর্মস্পৃহা ও দক্ষতার সমন্বয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, গণতান্ত্রিক চর্চা, ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমেই একটি শক্তিশালী যুবদল গড়ে তোলা সম্ভব।
ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু হাসান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট এনামুল হক পান্না ও তাজমিলুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং তথ্য ও গবেষণা সম্পাদক আল আমিন সানু।
এ ছাড়া উপস্থিত ছিলেন ধুনট উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু মুসা, সহসভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান ও দপ্তর সম্পাদক সালমান সাদিক বাঁধন। আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি আলম হাসান, ধুনট পৌর যুবদলের সাবেক সদস্য সোহেল রানা, যুবনেতা বিপুলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
যৌথ সম্মেলনকে কেন্দ্র করে নিমগাছী ও চিকাশী ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সম্মেলনে বক্তারা আগামী দিনে তৃণমূল পর্যায়ে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় করা এবং যেকোনো পরিস্থিতিতে দলীয় ঐক্য ও শৃঙ্খলা অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
The post তৃণমূলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে: জাহাঙ্গীর আলম appeared first on ভোরের চেতনা.
