কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকের চাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রৌমারী টেকনিক্যাল কলেজের প্রভাষক মো. শহিদুল ইসলামের স্ত্রী লিপি খাতুন (২৬), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। এ ছাড়া নিহত হয়েছেন যাদুরচর ইউনিয়নের কর্তীমারী এলাকার বাদলের স্ত্রী শরীফা বেগম (৪২) এবং জামালপুরের কাউনিয়ার চর এলাকার এক অটোচালক।
দুর্ঘটনায় গুরুতর আহত বাদলের মেয়ে বৃষ্টিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
