সিরাজগঞ্জের রায়গঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গুড নেইবারস বাংলাদেশের আয়োজনে ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের নিয়ে গল্পবলা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার (হেলথ) কেএম আবুল ফাত্তাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার মো. আবুল হাসান এবং বিদ্যালয়টির সহকারী শিক্ষক বিপ্লব কুমার সরকার। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় হাত ধোয়ার গুরুত্ব এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব বলে আলোচনায় উঠে আসে।
আলোচনা সভা শেষে গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে হাত ধোয়া ও পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
