ছোটপর্দায় নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ‘মনসামঙ্গল’ নামের নতুন ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এবার আর জি বাংলায় নয়, তাঁকে দেখা যাবে স্টার জলসার পর্দায়।
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক মাঝপথে ছেড়ে দেওয়ার পর বেশ কয়েক মাস ছোটপর্দা থেকে দূরে ছিলেন দিতিপ্রিয়া। মহালয়ার অনুষ্ঠানে দেবী দুর্গারূপে দেখা গেলেও পূর্ণাঙ্গ ধারাবাহিকে তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। নতুন ধারাবাহিকের মাধ্যমে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রানি রাসমণির চরিত্রে অভিনয় করে দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি পান দিতিপ্রিয়া। ঐতিহাসিক চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। এবার পৌরাণিক কাহিনিনির্ভর ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফিরছেন তিনি।
বাংলার লোককথা ও পৌরাণিক আখ্যানের পরিচিত কাহিনি মনসামঙ্গল। দেবী মনসাকে কেন্দ্র করে আবর্তিত এই কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে নতুন ধারাবাহিকটি। এতে দিতিপ্রিয়ার অভিনয়ের খবর ঘিরে বিনোদন অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।
তবে ‘মনসামঙ্গল’ ধারাবাহিকে দিতিপ্রিয়া কোন চরিত্রে অভিনয় করবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাঁর চরিত্র ও ধারাবাহিকটির সম্প্রচারের সময়সূচি নিয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এমএম/
