ফিফাকে গুরুত্বপূর্ণ নথি প্রকাশ, পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত ৪২ প্রশ্নের জবাব দিতে সময় বেঁধে দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। আগামী ২ নভেম্বরের মধ্যে জবাব চেয়েছে উয়েফা।
গত বৃহস্পতিবার ফিফা কাউন্সিলে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ক্ষমা চেয়েছেন বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে। তবে ব্যর্থ হয়েছেন পরিপূর্ণ ব্যাখ্যা দিতে।
বিজ্ঞাপন
এক চিঠিতে উয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিডিস বলেছেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ‘বেশ কিছু মৌলিক প্রশ্নের’ জবাব দিতে ব্যর্থ হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘কিছু প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। চাওয়া তথ্য ও নথিপত্রও সরবরাহ করা হয়নি।’
বিজ্ঞাপন
৮ পৃষ্ঠার চিঠিতে ৪২টি প্রশ্ন করা হয়েছে একাধিক ইস্যু সামনে এনে। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজে (এফএফই) বেসরকারি বিনিয়োগ, ফিফা পিস প্রাইজ এবং বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে দেওয়া বিতর্কিত স্থগিত নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে উয়েফা।
চিঠিতে আরও বলা হয়েছে, ‘এফএফই থেকে সরে আসা, ভুল স্বীকার করা এবং সম্ভাব্য প্রশাসনিক সংস্কারের ঘোষণা, কোনোটিই ব্যাখ্যা করে না যে সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো কীভাবে নেওয়া হয়েছিল কিংবা যথাসময়ে ফিফা কাউন্সিলকে কেন সম্পৃক্ত করা হয়নি।’
উয়েফা জানিয়েছে, কোনো তথ্য বা নথি প্রকাশে অস্বীকৃতি জানানো হলে তার প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট কারণ স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে।
বিজ্ঞাপন
চিঠিতে জোর দিয়ে আরও বলা হয়েছে, ‘এই প্রশ্নগুলোর উত্তর এখনই প্রয়োজন। ফিফা কাউন্সিলের পরবর্তী সভা পর্যন্ত তা ফেলে রাখা যাবে না। একইভাবে, ভবিষ্যতে প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও ইতিমধ্যে গৃহীত সিদ্ধান্তগুলোর পর্যালোচনা ও জবাবদিহির বিকল্প হতে পারে না।’
২ নভেম্বরের মধ্যে ফিফা জবাব না দিলে উয়েফা কী পদক্ষেপ নেবে, তা স্পষ্ট করেনি সংস্থাটি। তবে আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রার্থিতা নিশ্চিত করার শেষ সময় ১৮ নভেম্বর। তার আগে এই চাপ ইনফান্তিনোর ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
আইএন
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
