‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এসব কর্মসূচি পালিত হয়। এতে কারিগরি ও সার্বিক সহযোগিতা প্রদান করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।
দিনের কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় এবং দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণের কৌশল প্রদর্শনের একটি বাস্তবভিত্তিক মহড়া। এই মহড়ার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং জরুরি মুহূর্তে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের নানা দিক তুলে ধরা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট যেকোনো দুর্যোগের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করতে হবে। দুর্যোগের ঝুঁকি সম্পর্কে পরিষ্কার ধারণা, প্রয়োজনীয় প্রস্তুতি এবং সম্মিলিত উদ্যোগ থাকলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তাই দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত, পারিবারিক ও স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত এ ধরনের মহড়া আয়োজনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব, সহকারী শিক্ষক ফারহা দিবা আক্তারসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিপিপির স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।
আজকালের খবর/কাওছার আল হাবীব
