প্রতিনিধি, মৌলভীবাজার · ২১ অক্টোবর, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন
সনাতনীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটিতে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিনের অবসরে পরিবার-পরিজন নিয়ে জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরতে এসেছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। তবে শ্রীমঙ্গল শহরের যানজটে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে পর্যটকদের।
মঙ্গলবার ও বুধবার সরেজমিনে লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে দেখা যায়, পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে উদ্যানটি। জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রেও ছিল দর্শনার্থীদের উপস্থিতি। কেউ ব্যক্তিগত গাড়িতে, আবার কেউ দলবেঁধে মোটরসাইকেলে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন।
মৌলভীবাজারের উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, বাইক্কা বিল, হাকালুকি হাওর, মনিপুরী পল্লি, মনু ব্যারাজ, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, ডিনস্টন সিমেট্রি, চা-কন্যা ভাস্কর্য, নীলকণ্ঠ টি কেবিন ও সীতেশ বাবুর চিড়িয়াখানা। সবুজ চা-বাগান ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেও পর্যটকদের আগ্রহ দেখা গেছে।
পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ঈদুল আজহার পর প্রায় চার মাস বিরতি দিয়ে পূজার ছুটিতে আবার পর্যটকদের আগমন বেড়েছে। জেলায় অন্তত ১০ হাজার পরিবার পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল। পর্যটকের সংখ্যা কমে গেলে এসব পরিবারের জীবিকায় প্রভাব পড়ে। এবার কমবেশি পর্যটক এসেছেন। তারা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন।
ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা আবিদ চৌধুরী বলেন, এক বছর পর আবার মৌলভীবাজারে এসেছেন তিনি। লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। তবে একটি পর্যটনকেন্দ্র থেকে অন্যটিতে যাওয়ার যোগাযোগব্যবস্থা খুবই নাজুক।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হোসেন চৌধুরী বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ মৌলভীবাজারের বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকেরা এসেছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব সময় কাজ করছে।
উল্লেখ্য, লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৪৬০ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এর মধ্যে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, চার প্রজাতির উভচর, ছয় প্রজাতির সরীসৃপ, ২৪৬ প্রজাতির পাখি ও ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। ১৯৯৬ সালে লাউয়াছড়াকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়।
গুগলে আমাদের খবর পেতে
