নিয়ম বহির্ভূত যা আছে তাই সরকার পরিচ্ছন্ন করবে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।
তিনি বলেন, দেশের প্রতিটি জায়গায় সরকার পরিচ্ছন্নতা অভিযান চালাবে। পরিচ্ছন্নতা বলতে শুধু রাস্তার ময়লা-আবর্জনাকেই বুঝবেন না, পরিচ্ছন্নতা বলতে যেখানে যত নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড যা আছে ওটাকেই পরিচ্ছন্নতা বলে। একদিনে এটা কভার হওয়ার কথা না। তবে সবখানেই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঘড়ি কিনুন
কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল থেকেই হাসপাতালজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার তোড়জোড় শুরু হয়। ড্রেন পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণসহ হাসপাতালের বিভিন্ন স্থান পরিচ্ছন্ন করার কাজে নেমে পড়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। সকাল থেকেই পরিচ্ছন্নতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও আঙিনা ধোয়া-মোছার কাজ করেন। পাশাপাশি হাসপাতালের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে ড্রেন পরিষ্কারের কাজ করেন। পরে মন্ত্রী নিজে এসেও ড্রেনের ময়লা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।
এ সময় মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন আরও বলেন, নিয়ম অনুযায়ী আমি এ হাসপাতালে আসার কথা না, আমি কৃষি সেক্টরের। যেহেতু আমার বাড়ি এখানে, স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি বড় হাসপাতালে একটি করে কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির মধ্যে এই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কমিটিতে প্রটোকল অনুযায়ী আমাকে সভাপতি করা হয়েছে। এখানে আমার বাড়ি হওয়ায় আমি সবাইকে চিনি। এখানে অনিয়ম আছে- একেবারে পরিস্কার হয়েছে এটা সঠিক নয়, কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে যত ধরণের অপরিস্কার জিনিস আছে সবকিছু পরিচ্ছন্নতার আওতায় আসবে। এটা শুধু ড্রেনের মধ্যেই সীমাবদ্ধ না। পরিচ্ছন্ন করার যত জায়গা আছে সবখানের জাতীর প্রয়োজনে দেশের প্রয়োজনে জনগণের প্রয়োজনে পরিচ্ছন্নতা অভিযান চলবে।
এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাছান ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
