সরকারি স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা পরিষদ। জেলা পরিষদের দুটি স্থাপনার ছাদে মোট ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ ‘নেট মিটারিং’ পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহও শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় প্রকল্পের উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ উপলক্ষে ফরিদপুর জেলা পরিষদ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো-১) ফরিদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
জেলা পরিষদের প্রকৌশল শাখার ভবনের ছাদে ৪০ কিলোওয়াট এবং সদর ভিআইপি ডাকবাংলোর ছাদে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে দুটি স্থাপনায় ৬০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মার্শ পাওয়ার টেকনোলজি লিমিটেড।
চুক্তির শর্ত অনুযায়ী, আগামী ২০ বছর প্রতিষ্ঠানটি সৌরবিদ্যুৎকেন্দ্র দুটির মেরামত ও রক্ষণাবেক্ষণের সার্বিক দায়িত্ব পালন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।
এ ছাড়া এতে ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, ওজোপাডিকো-১-এর নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শেখ শহীদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
