ইসরাইলের আসন্ন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশটিতে হঠাৎ গোপন সফর করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সফরে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে এই খবর সামনে এসেছে।
সংবাদমাধ্যমের তথ্য, সোমবার (১৯ অক্টোবর) ইসরাইলের দক্ষিণাঞ্চলের একটি বিমানঘাঁটিতে নেতানিয়াহু ও হেগসেথের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। যদিও এই সফরের ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সরাসরি কিছু বলতে রাজি হয়নি, তবে মধ্যপ্রাচ্যে দায়িত্বরত মার্কিন সেনাদের সঙ্গে দেখা করার কথা স্বীকার করেছেন হেগসেথ।
ইসরাইলে আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনমত জরিপ অনুযায়ী, এই নির্বাচনে নেতানিয়াহুর দল কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ঠিক এমন সময়েই ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রীর এই আকস্মিক সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইতোমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে প্রকাশ্য সমর্থন দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, নেতানিয়াহুর ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরাইলের নির্বাচনে কাউকে সরাসরি সমর্থন দেওয়া থেকে বিরত থেকেছেন।
সূত্র: আল-জাজিরা