বিশেষ প্রতিনিধি:
শিক্ষার্থীদের সুপ্ত মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী আয়োজন “চৌকস মেধা প্রতিযোগিতা ২০২৬”। “বুদ্ধির লড়াইয়ে জয় হোক জ্ঞানের”— এই দীপ্ত চেতনাকে ধারণ করে দিনব্যাপী নানা পর্বের মধ্য দিয়ে শিক্ষার্থীদের এ মেধা উৎসব সফলভাবে সম্পন্ন হয়।
প্রতিযোগিতা চলাকালে উপস্থিত থেকে তরুণদের সংবর্ধিত ও উৎসাহিত করেন শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি হানিফ বেপারি।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনায় সার্বিক দিকনির্দেশনায় ছিলেন সংস্থার উপ-রক্তদান সম্পাদক মোঃ রিমন হাসান, রক্তদান সম্পাদক জাহিদ হাসান এবং সক্রিয় সদস্য সাইদুর, জিতু ও মিমসহ সংগঠনের অন্যান্য প্রতিনিধি ও শুভানুধ্যায়ীগণ।
দিনব্যাপী চলা এই জ্ঞান ও বুদ্ধির লড়াইয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের চিন্তাশক্তি ও দক্ষতার স্বাক্ষর রাখে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের অনুশীলনে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা ও বুদ্ধিমত্তাকে শাণিত করতেই এই উদ্যোগ। তরুণ প্রজন্মের মনন ও মেধা বিকাশে ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিযোগিতা শেষে আয়োজিত বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ডগ্রি ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় কুমার মন্ডল। উপস্থিত অন্যান্য গুণী শিক্ষকদের সাথে নিয়ে তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বিজয় কুমার মন্ডল বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। পাঠ্যপুস্তকের পাশাপাশি সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক চর্চা শিক্ষার্থীদের চিন্তার জগৎকে প্রসারিত করে। শরীয়তপুর ছাত্রকল্যাণ সংস্থা শিক্ষার্থীদের মেধা বিকাশে যেভাবে এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। জ্ঞানের এই আলো প্রতিটি শিক্ষার্থীর অন্তরে ছড়িয়ে পড়ুক।
এই আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে মেধানুশীলন ও শিক্ষাচর্চার প্রতি এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। অভিভাবক ও স্থানীয় সুধীজন ছাত্রকল্যাণ সংস্থার এই ইতিবাচক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষাবিষয়ক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
The post শরীয়তপুরে অনুষ্ঠিত হলো “চৌকস মেধা প্রতিযোগিতা ২০২৬”। appeared first on Daily Khaborer Alo.
