
জৈন্তাপুর প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২১টি পূজামণ্ডপে চাল এবং চা-বাগানের শ্রমিকদের মধ্যে শাড়ি বিতরণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার উপজেলার চিকনাগুল খান চা-বাগানে আয়োজিত অনুষ্ঠানে চা-শ্রমিকদের মধ্যে শাড়ি বিতরণ করেন তিনি। এ সময় শ্রমিকদের সঙ্গে তাদের জীবনমান ও বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন মন্ত্রী। পাশাপাশি পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন চা-বাগানের শ্রমিকদের মধ্যে পর্যায়ক্রমে মোট ১ হাজার ৭০০টি শাড়ি বিতরণ করা হবে। এ ছাড়া উপজেলার ২১টি পূজামণ্ডপে প্রতিটিতে ৫৭০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এর আগে সরকারি বরাদ্দ থেকে প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়। মন্ত্রীর পক্ষ থেকে অতিরিক্তভাবে এসব চাল দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ইন্তাজ আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ চন্দ্র দাস এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, হাবিবনগর চা-বাগানের ম্যানেজার, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, চা-বাগানের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
