এক সময়ের বাংলা ও উর্দু চলচ্চিত্রের খ্যাতিমান ও জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক সাতটার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন নাসিমা খান। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গুণী এই অভিনেত্রীর প্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ষাটের দশক থেকে শুরু করে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্রে নাসিমা খান ছিলেন এক পরিচিত ও সফল মুখ। ১৯৫৯ সালে 'জাগো হুয়া সাভেরা' চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে তাঁর অভিনয় জীবনের অভিষেক ঘটে। পরবর্তীতে ১৯৬১ সালে 'যে নদী মরু পথে' চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন।
দীর্ঘ অভিনয় জীবনে তিনি 'সূর্যস্নান', 'ধারাপাত', 'কার বউ', 'উজালা', 'বেগানা', 'আপন দুলাল', 'উলঝন', 'ম্যায় ভি ইনসান হু', 'দুই ভাই', 'গৌরী', 'আমার বৌ' ও 'ঢেউয়ের পরে ঢেউ'-এর মতো বেশ কিছু কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করেছেন। এসব চলচ্চিত্রে তিনি আনোয়ার হোসেন, হাসান ইমাম, রহমান, মুস্তফা, আজিম ও হারুনের মতো তৎকালীন শীর্ষস্থানীয় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।
দীর্ঘ বিরতির পর ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্মের 'কুসুম কুসুম প্রেম' চলচ্চিত্রে তাঁকে শেষবারের মতো অভিনয় করতে দেখা গিয়েছিল। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী যুগের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল।
জেএইচআর
