Published on
:
1 min read
মেলা কমিটির অনুদান নিয়ে অশান্তির জেরে গোলাগুলি চলল এবং সেই ঘটনায় তিন জনের মৃত্যু হলো। উত্তরপ্রদেশের পিলিভিটের আমারিয়া থানা এলাকার রামলীলা ময়দান এলাকায় সোমবারের ঘটনা। সূত্রের খবর, মৃতদের নাম মোহিত গুপ্তা, কুনাল শ্রীবাস্তব এবং অঙ্কিত গুপ্তা। মূল অভিযুক্ত কৌশল গুপ্তা-সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং লাঠি।
ঘটনার সূত্রপাত রামলীলার আয়োজনকে কেন্দ্র করে। আমারিয়া থানা এলাকায় রামলীলা আয়োজনের জন্য কমিটির মিটিং ডাকা হয়েছিল সোমবার। সেই মিটিংয়েই কমিটির সদস্যদের একাংশ গত বছরের মেলার হিসেব চান। তা নিয়েই দু’পক্ষের মধ্যে মধ্যে বচসা বাধে।
সূত্রের খবর, বচসা গড়ায় হাতাহাতিতে। একপক্ষ লাঠি নিয়ে অন্য পক্ষকে আক্রমণ করে। হাতাহাতির এক পর্যায়ে কৌশল গুপ্তা নামে এক জন গুলি ছোড়ে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মোহিত গুপ্তা এবং অঙ্কিত গুপ্তা। গুরুতর জখম হন কুনাল শ্রীবাস্তব নামে এক পথচারী। তাঁকে বরেলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন থাকাকালীনই মারা যান কুণাল। গুলিবিদ্ধ হন মোহিত ও অঙ্কিতের আত্মীয় রোজ গুপ্তাও।
পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত কৌশল গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও কৌশলের বাবা, ভাই-সহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল।
