Published on
:
1 min read
এই সময়,খড়্গপুর: আনন্দের সঙ্গে সামাজিক বার্তার মেলবন্ধন ঘটালে যে কোনও ক্ষেত্রেই অন্য স্বাদ মেলে। তেমনই নতুনত্বের স্বাদ দিতে এ বার পুজোর থিম— ‘মোবাইলের অপব্যবহার’। বিভিন্ন মডেলের মাধ্যমে তা ফুটিয়ে তুলেছে খড়্গপুর শহরের সাউথ ইন্দা ক্লাব। লক্ষ্য, মা–বাবার হাত ধরে পুজো দেখতে আসা কচিকাঁচারা যেন বিষয়টি চোখের সামনে দেখতে পায় এবং শিক্ষালাভ করে।
সাউথ ইন্দা ক্লাবের জন্ম ১৯৭১–এ। ফুটবলে এক সময়ে ওই ক্লাবের নামডাক ছিল। বর্তমানে নানা কারণে ফুটবল চর্চায় ইতি পড়েছে। তবে এখনও বিভিন্ন সামাজিক কাজ করে চলেন ক্লাব কর্তৃপক্ষ। রক্তদান শিবির, নিখরচায় চক্ষু পরীক্ষা শিবির, দাবা ও নাচ শেখানো— তালিকাটা বেশ দীর্ঘ। সঙ্গে দুর্গাপুজোও হয়। এ বার ওই পুজো ৫১ বছরে পা রাখল। এ বার ওই ক্লাবের পুজোর উদ্বোধন করেন খড়্গপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করা হবে বস্ত্র বিতরণও। ক্লাবের সম্পাদক শান্তনু ঘোষ বলেন, ‘আমাদের পুজোয় প্রতি বছর বহু মানুষ ভিড় জমান। মা–বাবার পাশাপাশি ছোটদেরও মোবাইলের কুফল বোঝাতে এ বারের থিম করেছি ‘মোবাইলের অপব্যবহার’।’
