চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল নিয়ে বিরোধের জেরে মো. রিয়াজ (২২) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামি এবং তদন্তে শনাক্ত হওয়া আরও দুই আসামি রয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দায়ের করা হত্যা মামলা এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীমের বক্তব্যে এ তথ্য জানা গেছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর সাতকানিয়া উপজেলার ১৬ নম্বর সাতকানিয়া সদর ইউনিয়নের শাহ মজিদিয়া মার্কেট এলাকায় নাছিরের দোকানের সামনে মোবাইল নিয়ে বিরোধের জেরে রিয়াজকে কয়েকজন মিলে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর মাথা, নাক, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলার পদুয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত রিয়াজের মা রোজিনা আক্তার বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে। মামলাটির নম্বর ২১, তারিখ ১৭ অক্টোবর ২০২৬। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি আবদুল আলীম জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। পরে সাতকানিয়া, লোহাগাড়া ও পদুয়া থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মো. অনিক হাসান ও ফরহাদুল ইসলাম এবং তদন্তে শনাক্ত হওয়া সাইমন উদ্দিন শাকিল ও কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাঁদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
The post সাতকানিয়ায় তরুণকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ appeared first on ভোরের চেতনা.
