কুমিল্লার বরুড়ায় মোবারক হোসেন নামে এক দর্জির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওরী ফকির বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোবারক হোসেন(৭৫) শাকপুর ইউনিয়নের চৌওরী ফকির বাড়ির বাসিন্দা।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি কমিউনিটি ক্লিনিকের পেছনে বাঁশঝাড়ের মধ্যে তার লাশ পড়ে ছিল। ঘটনাস্থলে একটি ছুরিও পাওয়া গেছে।
পরিবার জানায়, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর মোবারক হোসেন নিখোঁজ হন। শনিবার সকালে স্থানীয় শিশুরা খেলতে গিয়ে বাঁশঝাড়ের মধ্যে তার লাশ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বরুড়া থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, মোবারক হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক শনাক্ত এবং গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।