খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক না থাকার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সেখানে দেড় মাস বয়সী এক শিশুকে নেওয়ার পর তার মৃত্যু হয়। শিশুটির পরিবারের অভিযোগ, সময়মতো চিকিৎসক না পাওয়ায় তার মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিশুটির নাম মুয়াজ আব্দুল্লাহ।
শিশুটির মামা রাকিব হাসান বলেন, ‘বৃহস্পতিবার ভোর থেকে আমার ভাগনে খুব কান্নাকাটি করছিল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সকাল সাড়ে সাতটার দিকে। তখন জরুরি বিভাগে কোনো ডাক্তার ছিলেন না। সেখানে যারা দায়িত্বে ছিলেন, তারা বাইরের ওষুধের দোকান থেকে দুটি ওষুধ আনতে বলেন। ওষুধ এনে দিলে শিশুটিকে নেবুলাইজার দেওয়া হয়। এরপর তারা জানান, ডাক্তার এসে দেখবেন।’
রাকিব হাসানের ভাষ্য, চিকিৎসকের অপেক্ষায় তারা সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে ছিলেন। কিন্তু এর মধ্যে কোনো চিকিৎসক না আসায় শিশুটির মৃত্যু হয়। সময়মতো চিকিৎসা পেলে শিশুটিকে বাঁচানো যেত কি-না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল করিমের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
খুলনার সিভিল সার্জন ডা মনিরুজ্জামান বলেন, বিষয়টি জানা ছিলনা, তবে এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যাবস্থা গ্রহণ করা হবে।
