দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রাজধানীর আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পশ্চিম শাখার অধীনস্থ আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনের সাংগঠনিক পদ স্থগিত করা হলো।
এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
উল্লেখ্য, সম্প্রতি ছাত্রদল নেতা নয়নের বিরুদ্ধে রাজধানীর আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেয়ার পাশাপাশি ভবন মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
