ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, শারদীয় দুর্গাপূজায় প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা ঘটেনি। বর্তমান সময়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বা অন্য কোনো মাধ্যমে কেউ যদি মিথ্যা তথ্য বা গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ধনবাড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ধনবাড়ি উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন তিনি।
আয়োজক সূত্রে জানা গেছে, ধনবাড়ি উপজেলার ৩৬টি পূজামণ্ডপের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা বস্ত্রের পাশাপাশি মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে যোগ করা নগদ অর্থ ও শাড়ি প্রতিটি পূজামণ্ডপের জন্য (প্রতি মণ্ডপে ৩টি শাড়ি ও নগদ অর্থ) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া, অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, সহসভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, পৌর বিএনপির সভাপতি এস. এম. এ. সোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও ধনবাড়ি উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি নিরঞ্জন, সাধারণ সম্পাদক উৎপল বসাকসহ স্থানীয় সনাতন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
