জামালপুরের মাদারগঞ্জে ভিমরুলের কামড়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল হক ফাসাদ সরকার (৬৫) নামের এক ছান্দসিক চারণ কবি ও প্রবীণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাতে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল তরফদারবাড়ি এলাকায় নিজ বাড়িতে ভিমরুলের কামড়ে তিনি আহত হন।
জানা গেছে, নিহত ওবায়দুল হক ফাসাদ সরকার ওই এলাকার মৃত উমেদ আলী সরকারের ছেলে। তিনি জোনাইল বাজারের হার্ডওয়্যার ও মেশিনারিজ ব্যবসা করতেন। তিনি ছিলেন ছান্দসিক কবি মুখে মুখে ছন্দ রচনা করে নিজেই আবৃত্তি করতেন। তিনি এলাকায় কবিতা আবৃত্তির জন্য পরিচিত ছিলেন।
তার আত্মীয় আজহারুল ইসলাম বলেন, ‘সোমবার সকালে বাড়ির বারান্দায় বসে ছিলেন ফাসাদ সরকার। এ সময় একটি ভিমরুল তাকে কামড় দিলে তিনি সেটি তাড়িয়ে দেন। পরে অসংখ্য ভিমরুল এসে তাকে আক্রমণ করে। এতে ভিমরুলের কামড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।’
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে স্বজনেরা তাকে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাহিদুজ্জামান বলেন, ‘ভিমরুলের আক্রমণে আহত ওবায়দুলকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তিনি মারা গেছেন।’
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ৩টার দিকে নিহত চারণকবি ওবায়দুল হক ফাছাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
