- ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারাধীন বন্দির অস্বাভাবিক মৃত্যু হল। সোমবার হাসপাতালের বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। মৃতের নাম আজহারুল লস্কর (২১)। তাঁর বাড়ি জীবনতলা। হাসপাতালের মধ্যে কীভাবে ওই বন্দির মৃত্যু হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, যুবক আত্মহত্যা করেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। হাসপাতালের সুপার সুপর্ণকান্তি হালদার বলেন, বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগর থেকে যুবককে আনা হয়েছিল। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অবসাদও এসেছিল তাঁর। হাসপাতালের সংশোধনাগারের বন্দিদের জন্য আলাদা সেল আছে। তাতে নিরাপত্তার জন্য দুজন পুলিশকর্মীও আছেন। তাঁদের নজর এড়িয়ে কীভাবে এই ঘটনা ঘটল তা দেখছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক বলেন, কাজে গাফিলতি থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গত ১০ অক্টোবর অপহরণ সংক্রান্ত একটি মামলায় আজহারুল লস্করকে গ্রেপ্তার করে জীবনতলা থানার পুলিশ। আদালতের নির্দেশে তাঁকে বারুইপুর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। ১১ অক্টোবর শারীরিক অসুস্থতার কারণে তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভরতি করানো হয়। সংশোধনাগার কর্তৃপক্ষের উদ্যোগে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাঁকে। সোমবার হাসপাতালে তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়।
