কুষ্টিয়ার খোকসায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চকহরিপুর মিঠু স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ২-০ গোলে হাসিমপুর যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে; অনুষ্ঠানে পৌরসভার মেয়র প্রার্থী নাহিদুজ্জামান নাহিদ নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি ও পৌরসভার উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখা, খেলাধুলায় উৎসাহিত করা এবং আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে কুষ্টিয়ার খোকসায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টায় খোকসা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পান্তেলডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাতেঁলডাঙ্গী যুব সংঘ ক্লাবের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হয় হাসিমপুর যুব সংঘ ফুটবল একাদশ ও চকহরিপুর মিঠু স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে ২-০ গোলে জয়লাভ করে চকহরিপুর মিঠু স্পোর্টিং ক্লাব।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও খোকসা পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ নাহিদুজ্জামান নাহিদ। এ সময় তাঁর সহধর্মিণী অ্যাডভোকেট সুরাইয়া নাসরিন, বাংলাদেশ সেনাবাহিনীর সার্জন অফিসার সমীর কুমার বিশ্বাস, ক্লাবের সভাপতি ও ব্যাংকার উত্তম কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ রতন শেখ এবং খোকসা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজিত কুমার উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আলহাজ নাহিদুজ্জামান নাহিদ বলেন, খোকসা পৌরসভার উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি বেকারত্ব নিরসনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
অ্যাডভোকেট সুরাইয়া নাসরিন বলেন, সন্তানদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে তারা মাদক থেকে দূরে থাকার পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনের সুযোগ পাবে।
খেলা দেখতে মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শিশু-কিশোর ও তরুণ ফুটবলপ্রেমীদের ভিড় জমে। পুরো মাঠজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলহাজ নাহিদুজ্জামান নাহিদ ও তাঁর সহধর্মিণী অ্যাডভোকেট সুরাইয়া নাসরিন।
খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাঠমুখী করা, মাদকের বিস্তার রোধ এবং একটি সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
