খুলনা গেজেট অক্টোবর ১৩, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ক্লাব ‘ক্লাস্টার’-এর উদ্যোগে আয়োজিত ‘স্পার্ক ট্যাংক ২.০’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ২৬ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্পার্ক ট্যাংক ২.০’-এর মতো প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল ও বাস্তবমুখী উদ্ভাবনী চিন্তা তুলে ধরার সুযোগ তৈরি করে। এসব চিন্তা ও ধারণাকে গবেষণার মাধ্যমে বাস্তবসম্মত উদ্ভাবনে রূপ দিতে হবে। তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশ বিশ্বকে দ্রুত পরিবর্তন করছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের নতুন ধারণা উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে।
সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. এস এম রফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম এবং ইউনিভার্সিটি ইনোভেশন হাবের পরিচালক প্রফেসর ড. জিএম আতিকুর রহমান।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাস্টার ক্লাবের সভাপতি নাহিদ হাসান, ২২ ব্যাচের শিক্ষার্থী রাধিকা চৌধুরী, ২৫ ব্যাচের শিক্ষার্থী তৌফিক এলাহি এবং ২৬ ব্যাচের শিক্ষার্থী মো. এনামুল হক।
খুলনা গেজেট/এএজে
