যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) কর্মসূচি-২০২৭-এর নিবন্ধনপ্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত সময়সূচি নির্ধারণ ও আবেদন গ্রহণের বিষয়ে নির্দেশ দিয়েছেন। গত ১৪ অক্টোবর দেওয়া এ আদেশে কর্মসূচিটির নিবন্ধনপ্রক্রিয়া এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বাংলাদেশিরা আবেদন করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
ফোর্বসের প্রতিবেদনের বরাতে জানা গেছে, ২০২৫ সালের শেষ দিকে ডিভি-২০২৭-এর নিবন্ধন শুরুর কথা থাকলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর তা স্থগিত করে। ৫ নভেম্বর দপ্তরটি জানায়, নিবন্ধনের তারিখ পরে ঘোষণা করা হবে।
ডিভি কর্মসূচির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার ভিসা দেওয়ার বিধান রয়েছে। যোগ্য দেশগুলোর নাগরিকেরা লটারির মাধ্যমে নির্বাচিত হওয়ার সুযোগ পান। তবে নির্বাচিত হওয়া মানেই গ্রিন কার্ড নিশ্চিত নয়; আবেদনকারীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা বা কর্ম-অভিজ্ঞতাসহ অন্যান্য শর্ত পূরণ করতে হয়।
বাংলাদেশিদের সুযোগ কতটা?
বাংলাদেশ দীর্ঘদিন ধরে ডিভি কর্মসূচির অযোগ্য দেশগুলোর তালিকায় রয়েছে। সাধারণত নির্দিষ্ট পাঁচ বছরে কোনো দেশ থেকে ৫০ হাজারের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসী হলে সেই দেশের নাগরিকেরা কর্মসূচিতে অযোগ্য বিবেচিত হন।
তাই আদালতের নির্দেশকে বাংলাদেশিদের জন্য আবেদন করার সুযোগ ফিরে আসার ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। ডিভি-২০২৭-এর নিবন্ধন কবে শুরু হবে এবং কোন কোন দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন, তা মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা থেকে নিশ্চিত হতে হবে।
