কালবেলা · সাধারণ
৫ বছর কর্মস্থলে অনুপস্থিত চিকিৎসক, রয়েছেন লন্ডনে!
১২/১০/২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে পাঁচ বছর ধরে অনুপস্থিত স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাইয়ানা আক্তার শিয়ন। স্বামীসহ লন্ডনে অবস্থান করায় তিনি কর্মস্থলে আসছেন না বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
একাধিকবার চিঠি দিয়েও তার কোনো জবাব পায়নি উপজেলা স্বাস্থ্য বিভাগ। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হলেও এখনো নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এতে চিকিৎসক ছাড়াই চলছে কেন্দ্রটির চিকিৎসাসেবা।
কেন্দ্রসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ২০২২ সাল থেকে কোনো ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ডা. রাইয়ানা। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। ফলে কাগজে-কলমে তিনি স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে থাকলেও বাস্তবে তার সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, চিকিৎসা নিতে উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসক না পেয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চললেও বিকল্প চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন তারা।
সাতগ্রাম উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা হাসিনা বেগম বলেন, ‘গত পাঁচ বছরেও আমি উনাকে দেখিনি। এখানে একজন চিকিৎসকের খুব প্রয়োজন।’
কর্মস্থলে অনুপস্থিতির বিষয়ে জানতে ডা. রাইয়ানা আক্তার শিয়নের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ ভূঁইয়া বলেন, ‘ডা. রাইয়ানার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তাকে একাধিকবার চিঠিও দেওয়া হয়েছে। তবে কোনো চিঠির জবাব পাওয়া যায়নি। কর্মস্থলে অনুপস্থিত হওয়ার পর থেকে তিনি বেতনও নিচ্ছেন না।’
ডা. আরিফ ভূঁইয়া আরও বলেন, ওই চিকিৎসকের দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতির বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। তবে অধিদপ্তর থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে কাগজে-কলমে তিনি এখনো সাতগ্রাম ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার পদে রয়েছেন। এতে কেন্দ্রটির চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
মূল প্রতিবেদনে যান ↗