আজ দুর্গা দেবীর বোধন ও আগামীকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আনন্দময়ী দেবী দুর্গার আগমনী গানে মুখরিত চারদিক। তাই দুর্গোৎসবকে ঘিরে নগরজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে ঘরে মহাআনন্দ। এবার দেবী দুর্গা কৈলাস ছেড়ে মর্তে্য আসবেন ঘোড়ায় চড়ে আর বিজয়া দশমীতে ফিরবেন নৌকায়।
এদিকে পূজামণ্ডপগুলোতে এখন সাজ সাজ রব। দিন-রাত পর্যন্ত সমানতালে কাজ চালিয়ে দেবী দুর্গাকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন নগরের পূজামণ্ডপগুলো। দুর্গোৎসবকে আনন্দমুখর করে তুলতে চলছে বর্ণাঢ্য প্রস্তুতি। বিভিন্ন সাজে সাজানো হয়েছে মণ্ডপগুলোকে। লাগানো হচ্ছে বাহারি রঙের লাইটিং। প্রতিটি অলি-গলিতে করা হচ্ছে আলোকসজ্জা। ডিজিটাল ব্যানারে পূজার শুভেচ্ছায় ভরে উঠেছে পূজা মণ্ডপণ্ডপের আশ পাশের এলাকা। রাস্তার ওপর নির্মাণ করা হয়েছে তোরণ।
অপরদিকে আজ থেকে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু। নগরীর অধিকাংশ পূজামণ্ডপে ইতোমধ্যে অধিষ্ঠিত হয়েছেন দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ।
দুর্গাপূজা মূলত পাঁচদিনের অনুষ্ঠান হলেও শুভ মহালয়া থেকেই প্রকৃত উৎসবের সূচনা হয়। কোজাগরী লক্ষ্মীপূজায় হয় সমাপ্তি। ১০ অক্টোবার শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। সেই থেকেই শুরু হয়েছে দুর্গাপূজার সময় ও ক্ষণ গণনা। কারণ মহালয়ার ৬ দিন পর সপ্তমী।
বোধন কী
বোধন অর্থ দেবীকে জাগ্রত করে আহ্বান করা। সনাতন বিশ্বাসে, কৈলাস শিখর ছেড়ে পিতৃগৃহে আসা দুর্গার অকাল বোধন আজ। বোধনে খুলে যাবে তাঁর আয়ত চোখের পলক। অসুর বধে চক্র, গদা, তীর-ধনুক, খড়গ-কৃপাণ-ত্রিশুল হাতে দেবী হেসে উঠবেন। ধূপের ধোঁয়ায় আজ সন্ধ্যায় কাঁসর-মন্দিরা ও ঢাক-ঢোলের বাজনা আর পুরোহিতদের ভক্তিকণ্ঠে ধ্বনিত হবে ‘যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নম নম:’…’।
মন্ত্রোচ্চারণের ভেতর দূর কৈলাস ছেড়ে দেবী দুর্গা পিতৃগৃহে আসবেন ঘোটকে (ঘোড়া), বিজয়া দশমীতে ফিরবেন দোলায় (ঘোড়া)।
দেবীর আগমন ও গমন
দেবীর আগমন ও গমনের ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে ‘রবৌ চন্দ্রে গজারূঢ়া, ঘোটকে শনি ভৌময়োঃ, গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে।’ সপ্তমীর দিনে যদি রবিবার এবং সোমবার হয়, তাহলে দুর্গার আগমন ও গমন হবে গজে। ফল-‘গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা’। ঠিক এই রকমই শনিবার ও মঙ্গলবারে দুর্গার আগমন ও গমন হলে, ঘোটকের প্রভাব থাকবে। যদি বুধবারে দেবী দুর্গার আগমন ও গমন হয়, তাহলে তিনি আসবেন এবং যাবেন নৌকায়। ফল-‘শস্যবৃদ্ধিস্তুথাজলম’। আবার দুর্গার আগমন ও গমন যদি বৃহস্পতি ও শুক্রবারে হয় তাহলে তিনি দোলায় আসবেন এবং যাবেন। ফল-‘দোলায়াং মরকং ভবেৎ’।
আজ সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য করা হবে বন্দনা পূজা। পূজা গ্রহণের জন্য দুর্গা দেবী স্বর্গ থেকে মর্ত্যে আগমন করলে আগামীকাল বৃহস্পতিবার ষষ্ঠী তিথিতে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মণ্ডপে দেবীর অধিষ্ঠান দেয়া হবে।
এদিকে, পূজাকে সামনে রেখে নগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি। কর্মসূচির মধ্যে রয়েছে আজ বিকেল সাড়ে ৩টায় সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান, সন্ধ্যা ৬টায় প্রতিমা মঞ্চের আবরণ উন্মোচন ও সন্ধ্যারতি, সন্ধ্যা সাড়ে ৭টায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এছাড়া সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পর্যন্ত বিভিন্ন কর্মসূচি রয়েছে।
এছাড়া নগরীর অন্যান্য পূজামণ্ডপগুলোতেও পূজা অর্চনা, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষাবৃত্তি ও শিক্ষাসামগ্রী ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।
সুপ্রভাত/আরবি
The post দেবী দুর্গা আসবেন ঘোড়ায়, ফিরবেন নৌকায় appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
