মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঐতিহ্যবাহী দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। দীর্ঘ ১২ বছর পর বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সোমবার (১২ অক্টোবর) বিদ্যালয় মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক সদস্যের চারটি পদের বিপরীতে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মহিলা অভিভাবক সদস্য পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জেসমিন আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম। তিনি জানান, মোট ৫৯৭ জন অভিভাবক ভোটারের মধ্যে ৪১৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে দুটি ভোট বাতিল হয়।
ভোটের ফলাফলে ফুটবল প্রতীকে ২৫১ ভোট পেয়ে রতনময় চন্দ্র দাস, বই প্রতীকে ২৩০ ভোট পেয়ে রাজন আহমদ, মাছ প্রতীকে ২১৬ ভোট পেয়ে মোহাম্মদ কয়েছ মিয়া এবং চেয়ার প্রতীকে ১৭৯ ভোট পেয়ে চন্দন কুমার পাশী অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।
অন্য প্রার্থীদের মধ্যে দোয়াত-কলম প্রতীকে সুভাষ গোয়ালা ১৫৬ ভোট, ছাতা প্রতীকে মো. নুরুল ইসলাম ১০৬ ভোট এবং আনারস প্রতীকে মো. সেলিম আহমদ ৭৫ ভোট পেয়েছেন।
এদিকে শিক্ষক প্রতিনিধি হিসেবে বিমল কুমার দাস ও মো. দেলওয়ার হোসাইন এবং সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি হিসেবে বনানী রানী দাশ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন মো. সেলিম মিয়া ও মো. সাইদুল ইসলাম। পোলিং কর্মকর্তা ছিলেন মো. নাইমুল ইসলাম ও মো. সায়েদুল হক। এ ছাড়া কুলাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।
