নিজস্ব প্রতিবেদক
বিস্কিট ও ব্রেডসহ বেকারি পণ্যের দাম আপাতত না বাড়ানোর সিদ্ধান্তে সম্মত হয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সম্প্রতি বেকারি পণ্যের দাম বাড়ানোর বিষয়ে ব্যবসায়ীদের ঘোষণার পর উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর ব্যবসায়ী নেতারা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখতে সম্মতি দেন।
বেকারি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণের ব্যয়, কাঁচামালের মূল্য, কর-শুল্কসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয় পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় সরকারের পক্ষ থেকে বলা হয়, ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনার পাশাপাশি জনস্বার্থ ও ভোক্তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ নেওয়া হবে। যৌক্তিক দামে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বেকারি পণ্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
