আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন টম ক্রুজ
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত
-->হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ পাচ্ছেন আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) আজীবন সম্মাননা। গত বুধবার (২১ অক্টোবর) এ ঘোষণা দেয় সংস্থাটির পরিচালনা পর্ষদ। আগামী বছরের ২৪ এপ্রিল লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। খবর রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের।
এএফআইয়ের ৫২তম লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন ৬৪ বছর বয়সী এই অভিনেতা। চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান এবং অভিনয় ও প্রযোজনায় বিশেষ ভূমিকার জন্য তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
চার দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করছেন টম ক্রুজ। ‘টপ গান’, ‘মিশন: ইম্পসিবল’, ‘জেরি ম্যাগুয়ার’ ও ‘আ ফিউ গুড মেন’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের জন্য তিনবার অস্কার মনোনয়নও পেয়েছেন। গত বছর সম্মানসূচক অস্কার পান এই তারকা।
এএফআইয়ের চেয়ারম্যান ক্যাথলিন কেনেডি বলেন, ‘চলচ্চিত্রের প্রতি ক্রুজের গভীর ভালোবাসা ও নিষ্ঠা তাকে বিশ্বজুড়ে মার্কিন চলচ্চিত্রের অন্যতম প্রতিনিধি করে তুলেছে।’
আরও পড়ুন
চেহারা বদলের ভয়ংকর গল্প নিয়ে আসছে ‘ক্লেফেইস’
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম
ছবি: সংগৃহীত
-->
ডিসি কমিকসের ভিলেন ক্লেফেইসকে নিয়ে নির্মিত হরর সিনেমা ‘ক্লেফেইস’ মুক্তি পাচ্ছে ২৩ অক্টোবর। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে সিনেমাটি।
সিনেমাটি পরিচালনা করেছেন জেমস ওয়াটকিন্স। এতে অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক, এডি মারসন প্রমুখ।
সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছেন ম্যাট হ্যাগেন। গোথাম শহরের উচ্চাকাঙ্ক্ষী এই অভিনেতা একসময় জনপ্রিয় তারকা হয়ে ওঠেন। কিন্তু এক অপরাধী চক্রের প্রধানের কারণে তাঁর মুখ ভয়াবহভাবে বিকৃত হয়ে যায়। এতে তার অভিনয়জীবন ও ব্যক্তিগত জীবনে নেমে আসে বিপর্যয়।
একসময় কাছের মানুষ ও সহযোগীরাও তাকে ছেড়ে চলে যায়। আগের চেহারা ফিরে পেতে ম্যাট একটি আধুনিক চিকিৎসাপদ্ধতির আশ্রয় নেন। চিকিৎসায় তার চেহারা ফিরে এলেও দেখা দেয় ভয়ংকর পার্শ্বপ্রতিক্রিয়া। তার শরীর ও মনে অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে নিজের পরিচয় ও মানবিকতা হারাতে থাকেন তিনি। একসময় প্রতিশোধের নেশা তাকে ভয়ংকর পরিণতির দিকে ঠেলে দেয়।
ব্যাটম্যানের জগতে ক্লেফেইসের বিশেষ ক্ষমতা হলো শরীরের আকৃতি বদলানো। কাদার মতো শরীর নিয়ে সে অন্য মানুষের রূপও ধারণ করতে পারে। এই ক্ষমতাই সিনেমার ভয়ের অন্যতম উৎস।
‘ক্লেফেইস’ সাধারণ সুপারহিরো সিনেমা নয়। এতে অ্যাকশনের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আতঙ্ক, মানসিক সংকট ও শরীরের অস্বাভাবিক পরিবর্তন। মুখের বিকৃতি, শরীরের আকৃতি বদলে যাওয়া এবং চিকিৎসার ভয়াবহ পরিণতি গল্পে ভিন্ন মাত্রা যোগ করেছে।
সৌন্দর্য ও পরিচয় হারানোর ভয়ও সিনেমাটির গুরুত্বপূর্ণ বিষয়। একজন অভিনেতার জীবনে চেহারার গুরুত্ব কতটা, তা ম্যাট হ্যাগেনের গল্পে উঠে এসেছে। নিজের পুরোনো রূপ ফিরে পাওয়ার চেষ্টা কীভাবে তাকে বদলে দেয়, সেটিও দেখানো হয়েছে।
ডিসি কমিকসের পরিচিত জগতের একটি তুলনামূলক কম আলোচিত চরিত্রকে নিয়ে এমন হরর সিনেমা দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা চলছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্রিমিয়ারও সিনেমাটিকে ঘিরে আগ্রহ তৈরি করেছে।
আরও পড়ুন
রহস্যময় চরিত্রে ইয়াশ রোহান
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
-->কিছু মানুষ জীবনে আসে গল্প হয়ে, আর কিছু মানুষ আসে পুরো গল্পটাই বদলে দিতে! এমনই কৌতূহলভরা রহস্যময় এক চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে। যে মানুষটির জীবনের গল্প পাল্টে দিতে হাজির হবেন, তিনি নাজনীন নীহা। সময়ের আলোচিত এই জুটিকে এবার দেখা যাবে ‘তোমার পরে তুমি’ নাটকে।
গল্পে দেখা যায়, জীবনের কঠিন সময়ে দাঁড়িয়ে সারা, কিছু একটা অঘটনের চেষ্টা করে, সে সময় অতর্কিতভাবে সামনে এসে হাজির হয় অপরিচিত সজল, সঙ্গে একটি পোষা বিড়াল। সারা সিদ্ধান্ত পাল্টায়। এতদিন পোষা বিড়ালটি সজলের সঙ্গী ছিল, ঘটনাচক্রে এবার যুক্ত হয় সারাও। সে জীবনে নতুন দিশা খুঁজে পায় সজলের কারণে। গল্পে আসে নতুন মোড়। এখানে সজল চরিত্রে দেখা যাবে ইয়াশকে।
‘তোমার পরে তুমি’ নাটকে ইয়াশ ও নীহার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পার্থ শেখকে। এই প্রথম এই তিনজনকে একই নাটকে দেখা যাবে। অচিরেই সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘তোমার পরে তুমি’। এতে ব্যবহার করা হয়েছে ‘তোমার পিছু’ নামের একটি গান। নাজির মাহমুদের সুরে এটি গেয়েছেন রিয়াদ। রাসেল পারভেজের রচনায় নাটকটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন।
আরও পড়ুন
দর্শক নেই, টানা দুই দিন বাতিল ‘চিরকুট’-এর শো
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম
আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
-->নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সত্য ঘটনা ও ক্যাম্পাসের স্মৃতিনির্ভর গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘চিরকুট’। তবে দূর্ভাগা সিনেমাটি দর্শক টানতে পারছে না নিজ ভূমিতেই । দর্শক না থাকায় রাজশাহীর একটি সিনেপ্লেক্সে টানা দুই দিন সিনেমাটির প্রদর্শনী বাতিল হয়েছে।
বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন রাজশাহীর গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সের বিভাগীয় প্রধান (এইচওডি) মেহেদি হাসান।
তিনি বলেন, ‘পূজার ছুটির কারণে টিকিট বিক্রি হয়নি। এ কারণে গত দুই দিন সিনেমাটির প্রদর্শনী চালানো সম্ভব হয়নি। তবে কিছু টিকিট বিক্রি হচ্ছে। ছুটি শেষে শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের প্রদর্শনী চালানোর আশা করা হচ্ছে। এভাবেই প্রমোশন করা হচ্ছে।’
এর আগে মেহেদি হাসান জানিয়েছিলেন, সিনেমাটি থেকে পাওয়া আয় দিয়ে প্রেক্ষাগৃহের নিয়মিত ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। তার মতে, পর্যাপ্ত প্রচারণার অভাবে ‘চিরকুট’ প্রত্যাশিত দর্শকের কাছে পৌঁছাতে পারেনি।
‘চিরকুট’ পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পরিচালকের স্ত্রী আজিজুন মিম। আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, কাজী নওশাবা আহমেদ ও সুমন পাটোয়ারীসহ অনেকে।
আরও পড়ুন
সিনেমার গানে ফিরছে মনির খান
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: সংগৃহীত
-->জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। দীর্ঘদিন ধরেই সিনেমার গানে তার কণ্ঠ পাওয়া যায়নি। বিরতি ভেঙে আবারও সিনেমার গানে ফিরলেন এই গায়ক। ‘আলো’ নামের একটি সিনেমার জন্য নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। মেহেদী হাসানের পরিচালনায় গানটির কথা লিখেছেন কবির বকুল।
সম্প্রতি রাজধানীর মগবাজারের একটি রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর সিনেমার গানে ফিরতে পেরে আনন্দিত মনির খান।
এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘অনেক দিন পর সিনেমার গান গাইলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করি নতুন এই গানটি শ্রোতাদের ভালো লাগবে। গানটি নিয়ে আমি আশাবাদী।’
মনির খানের কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও রয়েছে তার ব্যাপক পরিচিতি।
চলচ্চিত্রে গান গেয়ে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিচ্ছেন এই শিল্পী।
উল্লেখ্য, কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন মনির খান। ১৯৯৬ সালে প্রথম একক অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে আলোড়ন তুলেছিলেন তিনি। এ পর্যন্ত ৪২টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ করেছেন এই সংগীত তারকা। দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক।
