জিম্বাবুয়ের বিপক্ষে হার, ব্যাটারদের ব্যর্থতা আর আফগানিস্তান ম্যাচের আগে সমীকরণের মারপ্যাঁচ, সব মিলিয়ে কঠিন সময় পার করছে বাংলাদেশ দল। এমন পরিস্থিতিতে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে তাদের আত্মবিশ্বাস জুগিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। দলের সঙ্গে আলোচনায় ঐক্যবদ্ধ থেকে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।
আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে যায় বাংলাদেশ। অথচ পরের ম্যাচেই আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারে জিম্বাবুয়ে। বাংলাদেশের এমন হতাশাজনক পারফরম্যান্স মাঠে বসেই দেখেছেন বিসিবি সভাপতি তামিম। ম্যাচ শেষে ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করেন তিনি। সেই আলোচনার বিষয়বস্তু তুলে ধরেছেন জাতীয় দলের ব্যাটার তানজিদ হাসান তামিম।
তানজিদ বলেন, “খুব ভালো একটা মিটিং হয়েছে তার সঙ্গে। বিসিবি আমাদের ভালো ও খারাপ সব সময়ই পাশে থাকে। আমরা কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি, সেসব নিয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে তিনি আমাদের আরো আত্মবিশ্বাস জুগিয়েছেন।”
দলকে একটি পরিবারের সঙ্গে তুলনা করে তানজিদ আরো বলেন, “আমরা একটি পরিবারের মতো। সবাই চায়, এই পরিবারের মধ্যে যেন নেতিবাচক কিছু তৈরি না হয়। তিনি আমাদের ইতিবাচক বার্তা দিয়েছেন, যাতে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি এবং দল হিসেবে প্রতিটি ম্যাচে ভালো পারফর্ম করতে পারি। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হোক কিংবা অস্ট্রেলিয়া প্রতিটি আন্তর্জাতিক ম্যাচকে সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়ার কথাই বলেছেন তিনি।”
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বোলাররা তুলনামূলক ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচটি হাতছাড়া হয়। এ নিয়ে ম্যাচ শেষে তাসকিন আহমেদের মন্তব্যের সঙ্গে একমত তানজিদও। তার মতে, “বড় লক্ষ্য তাড়া করার চাপ না নিয়ে ছোট ছোট লক্ষ্য ধরে এগোলে ব্যাটারদের জন্য কাজটি সহজ হবে।”
তানজিদ বলেন, “অবশ্যই এটা মানসিকতার ব্যাপার। আমরা যদি শুরু থেকেই ৩০০ বা ৩৫০ রানের কথা না ভেবে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে খেলি, তাহলে কাজটা সহজ হবে। আমাদের মানসিকতাও সেভাবে গড়ে তুলতে হবে।”
ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারানোর অভিজ্ঞতা থাকলেও দেশের বাইরে ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে বাংলাদেশের। তানজিদের বিশ্বাস, “সমস্যাটি কেবল দক্ষতার নয় বরং মানসিকতা, প্রস্তুতি ও দল হিসেবে খেলার সঙ্গে এর সম্পর্ক রয়েছে।”
তার ভাষায়, “স্কিলের সমস্যা হলে আমরা ঘরের মাঠেও ভুগতাম। আমরা দেশে যেভাবে খেলি, একই মানসিকতা ও প্রস্তুতি নিয়ে বিদেশেও খেলতে পারলে ভালো করা সম্ভব। দল হিসেবে পুরোপুরি প্রস্তুত হয়ে মাঠে নামতে হবে।”
বুধবার (২১ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
