স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজ-সংলগ্ন এলাকা থেকে নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে স্থানীয়দের খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত নজরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার ইটনা থানার রাজিবপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, কলেজ এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এসময় মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নজরুল ইসলাম ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। ফেরি করার সময় অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হতে পারে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
