বোনেরা দেবী দুর্গা, কালী হোন। কিন্তু কোনও দিন বোরখা পরবেন না। ‘লাভ জেহাদ’ নিয়ে এমনই বার্তা দিলেন মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী।
সম্প্রতি ধীরেন্দ্রকৃষ্ণের নেতৃত্বে শুরু হয়েছে সনাতন হিন্দু একতা যাত্রা। মঙ্গলবার তা দামোহ-তে পৌঁছয়। বিপুল সংখ্যক মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন। ভক্তরা ফুল ছিটিয়ে তাঁদের স্বাগত জানান। সেখানে সামাজিক সম্প্রীতি, জাতিভেদ প্রথা নির্মূল, জাতীয়তাবাদ ও মাদক বিরোধী বার্তা দেওয়ার পাশাপাশি হিন্দু নারীদের ‘লাভ জিহাদ’ সম্পর্কেও সচেতন করেন ধীরেন্দ্রকৃষ্ণ। এক তরুণীকে উদ্দেশ্যে করে তিনি বলেন যে, “বোন, আপনি দেবী দুর্গা, কালীর মতো হয়ে উঠুন। কিন্তু কোনও দিন বোরখা পরবেন না।” তাঁর এহেন মন্তব্যের পরই দানা বেঁধেছে বিতর্ক। ধীরেন্দ্রকৃষ্ণ আরও বলেন, “সমাজমাধ্যমে রিলস বা সুদর্শন যুবকদের প্রলোভনে পড়ে বিভ্রান্ত হবেন না। ভিন্ন ধর্মের কোনও ব্যক্তিকে অন্ধভাবেও বিশ্বাস করবেন না।” ‘জেন জি’ বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে ধীরেন্দ্রকৃষ্ণ বলেন, “তরুণদের মতামত প্রকাশ ও প্রতিবাদের অধিকার রয়েছে। কিন্তু মনে রাখতে হবে দেশের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয়।”
উল্লেখ্য, এই ধীরেন্দ্রকৃষ্ণই সম্প্রতি বাংলায় এসে বিতর্কে জড়ান। দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে মন্তব্য করায় বহু বাঙালি তাঁর মন্তব্যের প্রতিবাদ করেন। শেষপর্যন্ত তাঁকে ক্ষমা চাইতে হয়। শুধু তাই নয়, পাঞ্জাবে গিয়ে শিখ এবং মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাতেরও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেখানেও পরে তাঁকে ক্ষমা চাইতে হয়।
