
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর শুল্কমুক্ত ও কোটামুক্ত বাণিজ্যসুবিধা হারালে বাংলাদেশের রপ্তানি আয় বছরে প্রায় ৬৩৮ কোটি ডলার বা ২৬ দশমিক ৬ শতাংশ কমতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ২০১৮ সালের বাণিজ্য-উপাত্তের ভিত্তিতে করা এক হিসাবে এ সম্ভাবনার কথা উঠে এসেছে।
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা আবিদ খান গতকাল সোমবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে উপস্থাপনায় এ তথ্য তুলে ধরেন।
উপস্থাপনায় বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ রপ্তানি বাজারগুলোতে শুল্ক বাড়লে দেশের রপ্তানি প্রতিযোগিতা কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে তৈরি পোশাক খাতের রপ্তানিতে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তবে ৬৩৮ কোটি ডলার রপ্তানি আয় কমার হিসাবটি ২০১৮ সালের বাণিজ্য-উপাত্তের ভিত্তিতে তৈরি। ফলে এটি সম্ভাব্য প্রভাবের একটি চিত্র, বর্তমান রপ্তানি আয় থেকে ঠিক কতটা কমবে তার হিসাব নয়।
বিএফটিআই ও অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে রাজধানীতে এ সেমিনারের আয়োজন করে।
অর্থসূচক/
The post এলডিসি উত্তরণে বাংলাদেশের রপ্তানি আয় কমতে পারে ৬৩৮ কোটি ডলার appeared first on অর্থসূচক.
